দেশের জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে একটি বিদেশি জাহাজ। বুধবার দিবাগত গভীর রাতে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী 'এমটি সেন্ট্রাল স্টার' নামের জাহাজটি বন্দরের বহির্নোঙরে নোঙর করে। এর আগে গত ৩ এপ্রিল বিপুল পরিমাণ এই জ্বালানি নিয়ে জাহাজটি মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) জনসংযোগ বিভাগের সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের দিকে বন্দরের অভিজ্ঞ পাইলট ও শক্তিশালী টাগ বোটের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জাহাজটিকে ৫ নম্বর ডলফিন জেটিতে বার্থিং করানো হবে। জেটিতে নোঙর করার পরপরই তেল খালাসের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বর্তমান পরিস্থিতিতে অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে বন্দর কর্তৃপক্ষ তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজ থেকে জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে এবং আরও কিছু জাহাজ বন্দরে আসার অপেক্ষায় রয়েছে। এর ফলে বাজারে জ্বালানি তেলের সংকট দূর হবে এবং সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।