সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

মার্কিন স্টাইলে জার্মান চ্যান্সেলরকে তুলে আনার হুমকি রাশিয়ার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার নজির টেনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকে অপহরণের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এ মন্তব্যকে উসকানিমূলক ও বিপজ্জনক বলে আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানি।

মার্কিন স্টাইলে জার্মান চ্যান্সেলরকে তুলে আনার হুমকি রাশিয়ার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার নজির টেনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকে অপহরণের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এ মন্তব্যকে উসকানিমূলক ও বিপজ্জনক বলে আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানি।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দীর্ঘদিনের প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বর্তমানে দেশটির সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান। বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে, সেভাবেই জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকে ধরে নিয়ে যাওয়ার মতো অভিযানের কথা উল্লেখ করে মন্তব্য করায় মেদভেদেভের বিরুদ্ধে তীব্র সমালোচনায় মুখর হয় বার্লিন।

সোমবার বার্লিনে এক সংবাদ ব্রিফিংয়ে জার্মান সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হিলে বলেন, ‘আপনারা যেমন ইচ্ছে কল্পনা করতে পারেন, আমরা এসব মন্তব্য অত্যন্ত গুরুত্ব দিয়ে লক্ষ্য করেছি। এবং স্বাভাবিকভাবেই এ ধরনের কথা ও হুমকিকে ফেডারেল সরকার সর্বোচ্চ কঠোর ভাষায় নিন্দা জানায়।’ তিনি আরও জানান, রুশ হুমকি সত্ত্বেও চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ‘অত্যন্ত সুরক্ষিত ও নিরাপদ’ রয়েছেন।

এর আগে গত রোববার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মেদভেদেভ বলেন, যুক্তরাষ্ট্র যে ধরনের অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে এনেছে, তেমন অভিযান অন্যান্য বিশ্বনেতাদের ক্ষেত্রেও কল্পনা করা যায়। এ প্রসঙ্গে তিনি জার্মান চ্যান্সেলর মের্জের নাম উল্লেখ করেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসকে দেওয়া বক্তব্যে মেদভেদেভ বলেন, ‘নব্য নাৎসি মের্জকে অপহরণ চলমান ঘটনাপ্রবাহের এই উৎসবে এক দারুণ সংযোজন হতে পারে।’

মেদভেদেভ আরও দাবি করেন, বিষয়টি মোটেও অবাস্তব নয়, কারণ জার্মানিতেই ফ্রিডরিখ মের্জের বিরুদ্ধে বিচারযোগ্য অভিযোগ রয়েছে। তার ভাষায়, ‘তাই তাকে হারালে তেমন ক্ষতি হবে না, বরং নাগরিকদের অকারণ কষ্ট কমবে।’

উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয় এবং পরে তাদের যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। বর্তমানে নিউইয়র্কে মাদক পাচারের অভিযোগে মাদুরোর বিরুদ্ধে মামলার কার্যক্রম চলছে।

দিমিত্রি মেদভেদেভকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখা হয়। তিনি ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন এবং পরে ২০১২ সালের মে থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত দেশটির দশম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে এবং ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর মস্কো ও পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় উত্তেজনার জন্ম দিয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বরাবরই সরব অবস্থান নিয়েছেন এবং তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক হিসেবে পরিচিত।