মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ব্যক্তিগত বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ জানুয়ারি) মধ্যরাতে ওহাইও অঙ্গরাজ্যে তার বাড়িতে এ হামলা চালানো হয়। এতে জানালাসহ বাসভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আটক করেছে।
সোমবার (৫ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও তার পরিবারের সদস্যরা বাসভবনে ছিলেন না। তারা এর আগেই শহর ত্যাগ করেছিলেন।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানায়, হামলায় বাসভবনের বাইরের জানালা ভাঙচুরসহ সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতেও জানালার ক্ষতিগ্রস্ত চিত্র দেখা গেছে।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগেলমি বলেন, আটক ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তাকে ভ্যান্সের বাসভবনের বাইরে জানালা ভাঙা ও সম্পত্তি ক্ষতিসাধনের অভিযোগে আটক করা হয়েছে।
সিএনএন জানায়, রোববার মধ্যরাতের পরপরই হামলার ঘটনাটি ঘটে। গুগেলমি আরও জানান, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সিনসিনাটি পুলিশ ডিপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের সঙ্গে সমন্বয় করে ঘটনার তদন্ত করছে। এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে কি না, তা বিবেচনাধীন রয়েছে।
একজন ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে বলেন, আটক ব্যক্তি সরাসরি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বা তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছিলেন কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ঘটনার আগেই ভ্যান্স পরিবার শহর ছাড়ায় সবাই নিরাপদ রয়েছেন। তবে হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।