রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

অদম্য মনা: হামাগুড়ি দিয়ে কলেজ, এবার উচ্চশিক্ষার স্বপ্ন

জন্ম থেকেই বাঁ হাত ও বাঁ পায়ে শক্তি না থাকলেও অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে প্রতিদিন প্রায় দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে কলেজে যেতেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার মনা বেগম। নানা প্রতিকূলতা পেরিয়ে মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ২০ বছর বয়সী এই তরুণী।

জন্মের পর থেকেই বাঁ হাত ও বাঁ পায়ে শক্তি না থাকায় নিজের পায়ে সোজা হয়ে দাঁড়ানোর সক্ষমতাও নেই মনার। চলার পথে তাই প্রতিনিয়ত শারীরিক কষ্টের পাশাপাশি শুনতে হয়েছে মানুষের তাচ্ছিল্য, হাসি-ঠাট্টা ও কটূক্তি। অনেকে তাঁকে বলেছেন, "হাত নেই, পা নেই, পড়ে কী করবি?" তবে এসব কথা তাঁর পড়াশোনার আগ্রহ ও স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি।

জুড়ী উপজেলার এলাপুর বাগানের একটি দিনমজুর পরিবারে মনার জন্ম। শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে হাঁটতে না পারলেও বাড়ি থেকে কাঁচা রাস্তা হামাগুড়ি দিয়ে পাড়ি দিতেন তিনি। এরপর বাসে করে যেতেন শাহ নিমাত্রা সাগরনাল-ফুলতলা কলেজে। পড়াশোনা শেষে একইভাবে বাড়িতে ফিরে মায়ের ঘরের কাজেও সহযোগিতা করতেন।

প্রতিদিনের এই কঠিন যাত্রা এবং শারীরিক যন্ত্রণা সহ্য করেই এইচএসসি পরীক্ষায় অংশ নেন মনা। শেষ পর্যন্ত মানবিক বিভাগ থেকে জিপিএ ২.৫০ পেয়ে সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।

এখন তাঁর সামনে আরও বড় স্বপ্ন। ডিগ্রি পাস কোর্সে ভর্তি হয়ে উচ্চশিক্ষা শেষ করতে চান মনা। ভবিষ্যতে সরকারি চাকরিতে যোগ দিয়ে দরিদ্র বাবা-মায়ের মুখে হাসি ফোটানোর প্রত্যাশাও রয়েছে তাঁর।

তবে স্বপ্ন পূরণের পথে অর্থনৈতিক সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জরাজীর্ণ ঘরে দিনমজুরি করে বাবার যে আয়, তা দিয়ে পরিবারের নিত্যদিনের খরচ চালানোই কঠিন। এর মধ্যে ডিগ্রি কোর্সে ভর্তি, বইপত্র কেনা এবং নিয়মিত যাতায়াতের ব্যয় বহন করা পরিবারের জন্য প্রায় অসম্ভব।

মনার পড়াশোনা যাতে বন্ধ না হয়ে যায়, সে জন্য একটি ব্যাটারিচালিত রিকশা বা উপযুক্ত বাহন এবং শিক্ষা ব্যয়ের সহযোগিতায় সরকার ও দেশের সামর্থ্যবান ও মানবিক মানুষের প্রতি সহায়তার আবেদন জানিয়েছে তাঁর পরিবার ও এলাকাবাসী।