সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

মুক্তিযুদ্ধের মত সুরক্ষা থাকবে জুলাইযোদ্ধাদের: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত থাকবে এবং সকল দলের ঐকমত্যে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর অঙ্গীকার সরকার কঠোরভাবে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মুক্তিযুদ্ধের মত সুরক্ষা থাকবে জুলাইযোদ্ধাদের: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত থাকবে এবং সকল দলের ঐকমত্যে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর অঙ্গীকার সরকার কঠোরভাবে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় যেভাবে রাজাকারদের বিচার সম্ভব নয় বলে যুক্তি দেওয়া হয়, তেমনি জুলাই অভ্যুত্থানের সময় জনগণের প্রতিরোধের মুখে যারা নিহত হয়েছেন, সেটি যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির মতোই ছিল।

সম্পূরক প্রশ্নে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানতে চান, গত ১৬ বছরে পুলিশের আইন অমান্যকারী কর্মকাণ্ড, জুলাই সময়ে সংঘটিত সহিংসতা এবং ‘পুলিশ হত্যার’ নামে সামাজিক মাধ্যমে প্রচারণার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নেবে।

জবাবে মন্ত্রী বলেন, জুলাইযোদ্ধাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে ‘জুলাইযোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ ইতোমধ্যে জারি করা হয়েছে এবং সেটি সংসদে বিল আকারে উপস্থাপন করা হয়েছে, যা পাসে একমত হয়েছে সরকার।

তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে ‘পুলিশ হত্যার বিচার’ নিয়ে যে প্রচারণা চলছে তা সঠিক নয়। তার ভাষায়, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী যেসব হত্যাকাণ্ডের বিচার দাবি করছে, সেই প্রেক্ষাপটে তিনি বলেন, ১৯৭১ সালের যুদ্ধের উদাহরণ টেনে বলা যায়—যুদ্ধক্ষেত্রের ঘটনাগুলোর বিচার একইভাবে ব্যাখ্যা করা যায় না।

তিনি জানান, জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার প্রতিরোধে কেউ নিহত বা আহত হলে সেটিকে বিচারযোগ্য ঘটনা হিসেবে বিবেচনা করা হবে না। তবে ওই সময়ে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার অবশ্যই হবে। পুলিশের বিভিন্ন হত্যাকাণ্ড নিয়ে একাধিক মামলা দায়ের করা হয়েছে, যার কিছু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং কিছু সাধারণ আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলার রায়ও হয়েছে। আদালত স্বাধীনভাবে বিচার পরিচালনা করবে এবং সরকার এতে হস্তক্ষেপ করবে না। সকল গুম, খুন, হত্যাকাণ্ড ও গণহত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে বিএনপির সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং পুলিশি নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়ে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময়ে বহু গায়েবি ও রাজনৈতিক মামলা, গুম, খুন ও অপহরণের ঘটনা ঘটেছে। তিনি টাঙ্গাইলের একটি ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে জানান, সেখানে মামলা হয়েছে এবং অগ্রগতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।

মামলা প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে দায়ের করা কিছু মিথ্যা মামলা যাচাই-বাছাইয়ের মাধ্যমে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।