শুক্রবার, 16 অক্টোবর 2026
সকল বিভাগ

নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪

নড়াইল সদর উপজেলায় পিকআপ ও শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান লাটা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মঞ্জুরুল ইসলাম বাবু (৩১) নামে এক পিকআপ হেলপার নিহত হয়েছেন।

নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪
ছবি : সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় পিকআপ ও শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান লাটা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মঞ্জুরুল ইসলাম বাবু (৩১) নামে এক পিকআপ হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় লাটা গাড়িতে থাকা আরও চারজন শ্রমিক আহত হয়েছেন।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে বেনাপোল-নড়াইল-কালনা মহাসড়কের তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল ইসলাম বাবু সাতক্ষীরা জেলা সদরের হাশেম আলীর ছেলে। আহতরা হলেন নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের ইনামুল (১৯), ধুড়িয়া গ্রামের হুসাইন (১৮), আকাশ (১৮) ও আকাশ খান (২১)। তারা সবাই লাটা গাড়ির শ্রমিক বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নড়াইল থেকে লোহাগড়াগামী দুটি লাটা গাড়ি দ্রুত গতিতে একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যশোরগামী একটি পিকআপের সঙ্গে একটি লাটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের হেলপার মঞ্জুরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচি জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ইনামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।