কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও অপ্রতিমের সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার উচ্চতা প্রায় ৫ ফুট এবং গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে পাঞ্জাবি ছিল।
পরিবার জানিয়েছে, বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশ্যে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল অপ্রতিম। এরপর সে আর বাড়িতে ফেরেনি। ফোনের লোকেশন ট্র্যাক করে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। তবে এরপর থেকে তার আর কোনো অবস্থান জানা যায়নি।
অপ্রতিমের মা ড. নাহিদা বেগম বলেন, "আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসে নাই। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি। ফোন নম্বর ট্র্যাক করে পাওয়া যায়নি। সম্ভবত ফোন ওর সঙ্গে নাই। আপনারা দয়া করে আমার ছেলেকে খুঁজে পেতে চেষ্টা করেন।"
ফেসবুকে দেওয়া এক পোস্টে ছেলের সন্ধানে আকুতি জানিয়ে তিনি লিখেছেন, 'আমার ছেলেরে আমি কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে। ও কি বেঁচে আছে?'
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, "গতকাল ৪.৩০ মিনিটে সে অটোরিকশা যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে আসে। সেখানে একটি ছেলের সাথে হাত মেলায় এবং এক ঘন্টা যাবত তার সাথে কথা বলে। সিসি ক্যামেরা থেকে পাওয়া ছেলেটার পরিচয় তার পরিবার বা স্থানীয় কারো থেকে পাওয়া যায়নি।"
তিনি আরও বলেন, আমাদের দুইটি টিম গতকাল থেকে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।
অপ্রতিমকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ তার সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
শাহরিয়ার (বাবা): ০১৭১৯-৬২৫৬৯০
ড. নাহিদা বেগম (মা): ০১৭১৯-৯০০৭৬৯