চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের পর এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্বপাড়া এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে শিশু জায়ানের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন— মো. সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বসতঘরের পেছনের এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়।
এর আগে নিখোঁজ শিশু জায়ানের বাড়ি থেকে একটি হাতে লেখা চিঠি উদ্ধার করা হয়। ওই চিঠিতে লেখা ছিল, ‘তোর ছেলে আমাদের কাছে আছে, ছেলেকে পেতে চাইলে যেটা বলছি সেটা শোন…আধা ঘণ্টার ভেতর ৩ লাখ টাকা আর তোর ফ্যামিলির যেকোনো একজনের মোবাইল আনলক করে একটা ব্যাগে করে তোর বাড়ির সামনের রাস্তার পাশে ভাঙা দোকানে রেখে দিবি।’
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির সামনের রাস্তায় খেলতে গিয়ে নিখোঁজ হয় জায়ান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পটিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে ওই চিঠি আলামত হিসেবে সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ।
স্বজনদের অভিযোগ, মুক্তিপণের টাকা আদায়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে শিশুটিকে অপহরণ করা হয়েছিল।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘ভোরে পরিত্যাক্ত জায়গা থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’