শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

নির্বাচনী মাঠে তৎপর আনসারের ১১৯১ স্ট্রাইকিং টিম

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে আনসার বাহিনীর ১ হাজার ১৯১টি স্ট্রাইকিং টিম, যা নির্বাচনী নিরাপত্তা জোরদারে একটি শক্তিশালী কাঠামো হিসেবে কাজ করছে।

নির্বাচনী মাঠে তৎপর আনসারের ১১৯১ স্ট্রাইকিং টিম

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে আনসার বাহিনীর ১ হাজার ১৯১টি স্ট্রাইকিং টিম, যা নির্বাচনী নিরাপত্তা জোরদারে একটি শক্তিশালী কাঠামো হিসেবে কাজ করছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে জরুরি মুহূর্তে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্বে এই ১ হাজার ১৯১টি সশস্ত্র স্ট্রাইকিং টিম নিয়োজিত রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তাকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

দেশের প্রতিটি উপজেলায় ২টি করে এবং প্রতিটি জেলায় ১টি করে আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম মোতায়েন করা হয়েছে। এসব টিমের কার্যক্রম আনসার ভিডিপি জেলা কার্যালয়, রেঞ্জ কার্যালয় এবং সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিক ডিজিটাল কাঠামোর আওতায় আনা হয়েছে। এর অংশ হিসেবে ‘নির্বাচনী সুরক্ষা অ্যাপ’-এ প্রতিটি স্ট্রাইকিং টিমের একজন করে সদস্য রেসপন্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন, যা দ্রুত প্রতিক্রিয়া, তথ্য আদান-প্রদান এবং কার্যকর সমন্বয় নিশ্চিত করছে।

আনসার ভিডিপি সদর দপ্তর জানায়, নির্বাচনী দায়িত্বের তিনটি ধাপ — নির্বাচন-পূর্ব, নির্বাচনের দিন ও নির্বাচন-পরবর্তী — আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং টিম সদস্যরা মাঠে সক্রিয় থাকবেন। তারা যে কোনো অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা বা অপশক্তির অপচেষ্টা প্রতিহত করতে প্রস্তুত থাকবেন।

সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম জেলা ও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।