মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. রাব্বিন আহমেদ রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের বাসিন্দা মো. কবির মিয়ার ছেলে রাব্বিকে আজ শনিবার সদর থানা এলাকার ২ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি সোনাপুর অঞ্চল থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের ১ তারিখে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডস্থ আল-ফালাহ হাসপাতালের সামনে আকস্মিকভাবে ব্যানারসহ একটি বিক্ষোভ মিছিল বের করে এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। ওই বেআইনি মিছিলের ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় উপপরিদর্শক (এসআই) শিপু কুমার দাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়া রাব্বি উক্ত মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামি।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শমসেরনগর রোডের ওই মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত চারজন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এই মামলার সঙ্গে জড়িত এবং এজাহারভুক্ত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।