সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ থাকা জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনকে ‘অত্যন্ত ভালো’ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, কমিশনের সুপারিশগুলো যাচাই-বাছাই করতে অন্তর্বর্তী সরকার একটি কমিটি গঠন করে যাবে। পাশাপাশি সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থানও রেখে যাওয়ার কথা বলেছেন তিনি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।
পে কমিশন নিয়ে প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি করা হবে। এ উদ্দেশ্যে বাজেটে পর্যায়ক্রমে (ফেজওয়াইজ) অর্থ বরাদ্দের ব্যবস্থাও রাখা হচ্ছে।
পরবর্তী সরকার এই সুপারিশ বাস্তবায়ন করবে কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজনীয় অর্থের সংস্থান রেখেই সুপারিশগুলো দিয়ে যাওয়া হবে। তাঁর ভাষায়, প্রতিবেদনটি অত্যন্ত ভালো হয়েছে এবং তিনি আশা করেন এটি সফলভাবে বাস্তবায়িত হবে।
এখনই কেন বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না—এ প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, গেজেট জারি করতে হলে বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করতে হয়—কোন খাতে কত দেওয়া হবে। সে কারণেই বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এদিকে নির্বাচনে গণভোটের কারণে ব্যয় প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, নির্দিষ্ট অঙ্ক তাঁর জানা নেই। তবে সুষ্ঠু ও নির্বিঘ্ন নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় খরচে কোনো কার্পণ্য করা হয়নি। নিরাপত্তা ও ব্যবস্থাপনার প্রয়োজনে যেসব অর্থ চাওয়া হয়েছে, তা দেওয়া হয়েছে এবং অতিরিক্ত অর্থের চাহিদা এলে সেটিও দেওয়ার কথা বলা হয়েছে।
নির্বাচনী প্রচারণার জন্য নির্বাচন কমিশনকে অর্থ দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, নির্বাচন কমিশনকে আইনশৃঙ্খলা, রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচনী ব্যবস্থাপনার কাজে প্রয়োজনীয় অর্থ দেওয়া হয়েছে। তবে ভোটের প্রচারণার জন্য কোনো অর্থ দেওয়া হয়নি।