হাঙ্গেরির রাজনৈতিক ইতিহাসে বড় ধরনের পালাবদল ঘটেছে। টানা ১৬ বছর ক্ষমতায় থাকা জাতীয়তাবাদী নেতা ভিক্টর ওরবানকে পরাজিত করে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটার ম্যাগিয়ার।
রোববার (১০ মে) দেশটির পার্লামেন্ট ভবনের সামনে হাজার হাজার মানুষের উপস্থিতি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। রাজনৈতিক পরিবর্তনের এই মুহূর্তকে হাঙ্গেরির জন্য একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা ও গাম্ভীর্যের মাঝেও নজর কাড়েন নতুন মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী জোল্ট হেগেডাস। গত এপ্রিলের নির্বাচনের বিজয় উদযাপনের সময় তার নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুতই তা ভাইরাল হয়ে তাকে ইন্টারনেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। রোববারের অভিষেক অনুষ্ঠানেও সেই উচ্ছ্বাস বজায় রেখে তিনি আবারও নাচের মাধ্যমে উপস্থিত হন।
মন্ত্রিসভার সদস্যরা পার্লামেন্টে প্রবেশ করার সময় স্বাস্থ্যমন্ত্রী জোল্ট হেগেডাসকে উপস্থিত জনতা ব্যাপক করতালির মাধ্যমে স্বাগত জানায়। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে আবারও ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যেখানে অনেকে তাকে “ড্যান্সিং মিনিস্টার” বলে উল্লেখ করছেন।
এপ্রিলের নির্বাচনে পিটার ম্যাগিয়ারের নেতৃত্বাধীন তিসজা পার্টি বড় ধরনের সাফল্য অর্জন করে। দেশটির ১৯৯ আসনের পার্লামেন্টে দলটি ১৪১টি আসনে জয় পায়। এই ফলাফলকে আধুনিক হাঙ্গেরির ইতিহাসে অন্যতম বড় রাজনৈতিক পরিবর্তন হিসেবে বিবেচনা করা হচ্ছে।