দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ছুটির মধ্যে আগামী ১৭ অক্টোবর শনিবার দেশের সব সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৭ অক্টোবর সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।
তবে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ঘোষিত ছুটির আওতায় থাকবেন না।
এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবার কার্যক্রম এবং এসব সেবার সঙ্গে যুক্ত কর্মীরাও ছুটির বাইরে থাকবেন। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীরাও ছুটি পাবেন না। জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোকেও এ ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।
ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক।
আদালতের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা সুপ্রিম কোর্ট প্রদান করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কল-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের সাধারণ ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।