রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

রামিসা হত্যা: ২ আসামি আদালতে, দুপুরে চার্জশিট দেবে পুলিশ

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামিকে আদালতে হাজির করা হয়েছে। চাঞ্চল্যকর এ মামলার বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে আজ অভিযোগপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে পুলিশ।

রামিসা হত্যা: ২ আসামি আদালতে, দুপুরে চার্জশিট দেবে পুলিশ

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামিকে আদালতে হাজির করা হয়েছে। চাঞ্চল্যকর এ মামলার বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে আজ অভিযোগপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে পুলিশ।

মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে রোববার সকাল ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিটের মধ্যে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাজতখানার ইনচার্জ উপ-পরিদর্শক রিপন মোল্লা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান জানান, আজ দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার চার্জশিট জমা দেওয়া হবে। এরপর মামলাটি নিষ্পত্তির জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে।

তিনি বলেন, “সবকিছু যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য আমরা এরইমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।”

এদিকে, গতকাল সরকার আলোচিত এই মামলার কার্যক্রম পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) হিসেবে নিয়োগ দেয়।

অপরাধের গুরুত্ব বিবেচনায় গত শুক্রবার ঢাকা বার অ্যাসোসিয়েশনের (ডিবিএ) কার্যনির্বাহী কমিটির জরুরি ভার্চ্যুয়াল সভায় আসামিদের কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই বাসার বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। মামলায় প্রতিবেশী সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করা হয়।

মামলার তদন্তের শুরুতে স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে পুলিশ গ্রেপ্তার করে প্রধান আসামি সোহেল রানাকে। গত বুধবার আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন।