শুক্রবার, 16 অক্টোবর 2026
সকল বিভাগ

মানসিক চাপে থাকা নাবিকদের নিয়ে দেশে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রায় নয় মাস মোতায়েন থাকার পর মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। প্রায় পাঁচ হাজার নাবিক ও ক্রু নিয়ে রণতরিটি গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর উদ্দেশে রওনা হয়েছে।

মানসিক চাপে থাকা নাবিকদের নিয়ে দেশে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রায় নয় মাস মোতায়েন থাকার পর মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। প্রায় পাঁচ হাজার নাবিক ও ক্রু নিয়ে রণতরিটি গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর উদ্দেশে রওনা হয়েছে।

আব্রাহাম লিংকনের বিদায়ের পর মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি অব্যাহত রাখতে জাপানে মোতায়েন থাকা বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন সেখানে দায়িত্ব নিয়েছে।

এক মার্কিন কর্মকর্তা আব্রাহাম লিংকনের মধ্যপ্রাচ্য ত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গত রোববার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে রণতরিটির বিদায়ের আভাস দেন। আব্রাহাম লিংকনের উদ্দেশে তিনি লেখেন, ‘শুভযাত্রা। শিগগিরই প্রিয়জনদের সঙ্গে দেখা হবে।’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল আব্রাহাম লিংকনকে। তবে সাম্প্রতিক সময়ে রণতরিটিতে নাবিকদের জীবনযাত্রার মান ও বিভিন্ন সমস্যার বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। ইরানের হামলায় বাহরাইনের মানামায় মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটি ধ্বংস হওয়ার পর সরবরাহব্যবস্থায় সংকট দেখা দেওয়ায় এসব সমস্যার সৃষ্টি হয় বলে জানানো হয়েছে। ঘাঁটিটি মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সরবরাহকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে যাত্রা শুরু করেছিল আব্রাহাম লিংকন। এরপর ২৭২ দিনের মধ্যে মাত্র দুবার সমুদ্রে অবস্থান থেকে বিরতি নেয় রণতরিটি। এর মধ্যে ডিসেম্বরে গুয়ামে স্বল্প সময়ের জন্য এবং রসদ সংগ্রহের উদ্দেশ্যে ওমানে অবস্থান করেছিল।

এই ২৭২ দিনের প্রায় পুরো সময়ই কয়েক হাজার নাবিক সমুদ্রে কাটিয়েছেন। বিশ্রামের জন্য তাঁদের কোনো ছুটির দিনও ছিল না। এবার দেশে ফিরতে তাঁদের প্রায় ১৩ হাজার মাইল সমুদ্রপথ পাড়ি দিতে হবে। এতে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে।

রণতরিটিতে নিত্যপ্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি, পানিদূষণ, পয়োনিষ্কাশনব্যবস্থার সমস্যা এবং নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতির বিষয়গুলো তুলে ধরেছেন ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা। তবে অ্যাডমিরাল কুপার তাঁর মতামতধর্মী নিবন্ধে এসব সমস্যার অনেকগুলোকে পুরোনো বলে উল্লেখ করেছেন।

এদিকে গতকাল এক পোস্টে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। বুধবার থেকেই রণতরিটি সেন্ট্রাল কমান্ডের অধীনে কার্যক্রম শুরু করেছে।

পারস্য উপসাগরের বাইরে মধ্যপ্রাচ্যে বর্তমানে প্রায় ২০টি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এর মধ্যে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটনকে ঘিরে দুটি ‘ক্যারিয়ার স্ট্রাইক’ গ্রুপ বা সমন্বিত যুদ্ধদল রয়েছে। পাশাপাশি রয়েছে একটি ‘অ্যাম্ফিবিয়াস রেডি’ গ্রুপ, যার সঙ্গে একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট রয়েছে। এ ছাড়া কয়েকটি ডেস্ট্রয়ারও মোতায়েন রয়েছে, যেগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপ করা ইরানের বন্দর অবরোধ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।