সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

র‍্যাব বিলুপ্তির বিষয়ে যা জানাল উপদেষ্টা জাহেদ উর রহমান

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ (র‍্যাব) আর আগের ফর্মে থাকছে না; পরিবর্তন আসছে এর খোলনলচে, এমনকি বদলে যেতে পারে বাহিনীটির নামও।

র‍্যাব বিলুপ্তির বিষয়ে যা জানাল উপদেষ্টা জাহেদ উর রহমান

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ (র‍্যাব) আর আগের ফর্মে থাকছে না; পরিবর্তন আসছে এর খোলনলচে, এমনকি বদলে যেতে পারে বাহিনীটির নামও। 

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান সরকারের এমন বড় পরিকল্পনার কথা জানান।

গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের গুরুতর সব অভিযোগে জাতিসংঘসহ দেশী-বিদেশী বিভিন্ন মানবাধিকার সংগঠন দীর্ঘদিন ধরে র‍্যাব বিলুপ্তির দাবি জানিয়ে আসছিল। এমনকি বর্তমান ক্ষমতাসীন দল বিএনপিও অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ২০২৪ সালের ১০ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে এই এলিট ফোর্সটি বিলুপ্ত করার আনুষ্ঠানিক দাবি তুলেছিল। এর ঠিক পরদিনই সরকারের পক্ষ থেকে বাহিনীটির সংস্কার ও রূপান্তরের এই আভাস এলো।

নতুন আইন ও এলিট ফোর্সের সংস্কার

এর আগে, সোমবার (১৮ ১৮ মে) র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন, মানবাধিকারকে পূর্ণাঙ্গভাবে বজায় রেখে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে আগামী দিনে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্যের সূত্র ধরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, কাকতালীয়ভাবে গতকাল র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন। র‍্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, পুরোনো অবয়বে র‍্যাব আর থাকছে না। গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে র‍্যাবের জন্য একদম নতুন একটি আইন প্রণয়ন করা হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, ‘র‍্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে, আবারও বলছি, এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না, নামও সম্ভবত পালটে যাচ্ছে। সম্ভবত বলছি, কারণ এ ধরনের অপশন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। সেটাও জানিয়েছেন, এ আইন করার জন্য তিনি সক্রিয়ভাবে কাজ করছেন।’

তবে রাষ্ট্রে একটি বিশেষায়িত বা এলিট ফোর্স থাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জাহেদ উর রহমান জানান, অপরাধ দমনে একটি এলিট ফোর্স অবশ্যই থাকবে; তবে সেটি র‍্যাব নামে নাকি অন্য কোনো নামে পরিচালনা করা হবে এবং তার আইনি পরিধি কতটা বিস্তারিত হবে, তা নতুন আইনে সুনির্দিষ্ট করা থাকবে।

সচিবালয়ের এই সংবাদ সম্মেলনে সরকারের বিগত তিন মাসের সামগ্রিক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন উপস্থিত ছিলেন।