শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

র‌্যানকন অটোর ২৫% শেয়ার কিনল জাপানের মিতসুবিশি

দেশের অটোমোবাইল শিল্পে এক নতুন দিগন্তের সূচনা করে সরাসরি বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপানের বিখ্যাত প্রতিষ্ঠান মিতসুবিশি করপোরেশন। দেশীয় প্রতিষ্ঠান র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় কৌশলগত বিনিয়োগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির ২৫ শতাংশ মালিকানা কিনে নিচ্ছে জাপানি এই অটোমোবাইল জায়ান্ট।

র‌্যানকন অটোর ২৫% শেয়ার কিনল জাপানের মিতসুবিশি
ছবি : সংগৃহীত

দেশের অটোমোবাইল শিল্পে এক নতুন দিগন্তের সূচনা করে সরাসরি বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপানের বিখ্যাত প্রতিষ্ঠান মিতসুবিশি করপোরেশন। দেশীয় প্রতিষ্ঠান র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় কৌশলগত বিনিয়োগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির ২৫ শতাংশ মালিকানা কিনে নিচ্ছে জাপানি এই অটোমোবাইল জায়ান্ট। সংশ্লিষ্ট মহলের মতে, বাংলাদেশের চার চাকার পরিবহন খাতে এটিই এখন পর্যন্ত জাপানের সবচেয়ে বড় সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই।

এতদিন র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজ কেবল মিতসুবিশির প্রযুক্তি ব্যবহার করে গাড়ি সংযোজন করলেও, নতুন এই চুক্তির ফলে মিতসুবিশি এখন সরাসরি মালিকানার অংশীদার হলো। এই মাইলফলক উদযাপনে বুধবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি উপস্থিত ছিলেন।

র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজের যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালে মিতসুবিশি আউটল্যান্ডার মডেলের গাড়ি সংযোজনের মাধ্যমে। পরবর্তীতে তারা বাস, ট্রাক ও বিভিন্ন ব্র্যান্ডের পিকআপ তৈরির সক্ষমতা অর্জন করে। গত বছর গাজীপুরে অবস্থিত এই কারখানাটি আধুনিকায়ন ও সম্প্রসারণে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয় করেছে কোম্পানিটি। বর্তমানে প্রতিষ্ঠানটি সফলভাবে মিতসুবিশির জনপ্রিয় 'এক্সপ্যান্ডার' এবং প্রোটনের 'এক্স-৭০' মডেলের গাড়ি উৎপাদন ও বাজারজাত করছে। প্রায় ৯৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই কারখানায় বর্তমানে চার ধরনের যানবাহন সংযোজনের পাশাপাশি রং করার কাজও সম্পন্ন হয়।

বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মিতসুবিশির মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের এই বিনিয়োগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্থনীতির ইতিবাচক বার্তা দেবে। এটি ভবিষ্যতে অন্যান্য বহুজাতিক কোম্পানিকেও এদেশে বিনিয়োগে উৎসাহিত করবে। বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বর্তমান সরকারের অধীনে এটি একটি উল্লেখযোগ্য এফডিআই এবং আগামী মাস থেকে টোকিও রুটে সরাসরি বিমান চলাচল শুরু হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি বিনিয়োগের পরিবেশ উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। মিতসুবিশি করপোরেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিরোয়ুকি এগামি জানান, দীর্ঘ পাঁচ দশক ধরে বাংলাদেশে ব্যবসায়িক সম্পৃক্ততার ধারাবাহিকতায় এই কৌশলগত বিনিয়োগ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। র‍্যানকন হোল্ডিংসের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী এই যৌথ উদ্যোগকে দেশের গাড়ি উৎপাদন শিল্পের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। মিতসুবিশির এই সরাসরি অংশগ্রহণের ফলে স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল তৈরি এবং উন্নত প্রযুক্তির ব্যবহার আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।