আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। শনিবার (৭ ফেব্রুয়ারি) সমিতির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকারের সুষ্ঠু প্রয়োগে সুবিধা দিতে সরকার ঘোষিত ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে শিল্পকারখানার শ্রমিকদের জন্য ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিন ছুটি থাকবে।
সাধারণ ছুটির সঙ্গে মিলিয়ে, ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) স্বয়ংক্রিয়ভাবে ছুটি থাকে। ভোটশেষের পরের দুই দিন, অর্থাৎ শুক্রবার ও শনিবার, সাপ্তাহিক ছুটি রয়েছে। এইভাবে নির্বাচনের আগে ও পরে টানা কয়েকদিন দেশের মানুষকে ছুটির সুবিধা প্রদান করা হয়েছে।