আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং যাত্রী হয়রানি বন্ধে দেশের প্রতিটি বাস টার্মিনালে সার্বক্ষণিক ভিজিলেন্স টিম কাজ করবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বুধবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ঈদযাত্রা চাঁদাবাজমুক্ত ও নিরাপদ করার লক্ষ্যে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই সভার আয়োজন করে।
শিমুল বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন, উৎসবের মৌসুমে যাত্রীদের ভিড়কে পুঁজি করে মলমপার্টি, অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্রের তৎপরতা বেড়ে যায়। এই ধরনের অপরাধ প্রতিরোধে এবং যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনালগুলোতে বিশেষ ভিজিলেন্স টিম মোতায়েন থাকবে। বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা ও সম্মান বজায় রাখা পরিবহন খাতের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নারীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে জন্য নজরদারি আরও জোরদার করা হবে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে শ্রমিক দলের এই নেতা জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি আদায় করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো অসাধু চক্র যাতে সাধারণ মানুষের কাছ থেকে বাড়তি অর্থ হাতিয়ে নিতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু থাকবে। তিনি মনে করেন, পরিবহন মালিক, শ্রমিক এবং প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় থাকলে ঈদযাত্রায় শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।
মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার সারোয়ার হোসেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল ইসলাম। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিরা সম্মিলিতভাবে পরিবহন খাতের অনিয়ম ও চাঁদাবাজি বন্ধে একাত্মতা প্রকাশ করেন এবং যাত্রীদের স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।