বৃহস্পতিবার, 15 অক্টোবর 2026
সকল বিভাগ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদী জেলা প্রশাসক

জনগণের কাছে দ্রুত ও মানসম্মত সরকারি সেবা পৌঁছে দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদী জেলা প্রশাসক

জনগণের কাছে দ্রুত ও মানসম্মত সরকারি সেবা পৌঁছে দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

তিনি বলেছেন, কোনো কর্মকর্তা বা কর্মচারী অকারণে কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবেন না। একই সঙ্গে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির মুখে না পড়েন, সে বিষয়েও সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সোমবার (২৯ জুন) দুপুরে শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।

ইসরাত জাহান কেয়া বলেন, বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তাই সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেবার মান বৃদ্ধি, সময়ানুবর্তিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

তিনি বিশেষভাবে সরকারি হাসপাতালগুলোর বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, চিকিৎসকদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে, যাতে রোগীরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।

এর আগে জেলা প্রশাসক শিবপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর এবং চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন এবং সরকারি সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দাপ্তরিক কার্যক্রম আরও কার্যকর, গতিশীল ও জনমুখী করার বিষয়ে মতবিনিময় করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম, শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা।