শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় পেতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা তরুণ মারাত্মকভাবে জখম হয়েছেন।

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন
ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়া সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় পেতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা তরুণ মারাত্মকভাবে জখম হয়েছেন।

সোমবার সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই তরুণের নাম মো. সালমান, যার বয়স সাতাশ বছর। তিনি উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. নিজামত আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে সালমান কোনো কারণে সীমান্তের ওপারে মিয়ানমারের ভূখণ্ডে প্রবেশ করলে সেখানে মাটির নিচে পুঁতে রাখা একটি স্থলমাইনের ওপর তাঁর পা পড়ে। বিকট শব্দে মাইনটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তাঁর এক পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রক্তাকত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে সাথে থাকা অন্য রোহিঙ্গারা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। ১০ নম্বর ক্যাম্পের বাসিন্দা আহমদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুখালী কাটাপাহাড় সীমান্ত সংলগ্ন ওপারে এই দুর্ঘটনা ঘটেছে এবং সালমান বর্তমানে হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

এই প্রসঙ্গে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক আহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক রোহিঙ্গা প্রায়শই মাদক চোরাচালানের উদ্দেশ্যে মিয়ানমারের ভেতরে যাতায়াত করে থাকে। অবৈধ তৎপরতা ছাড়া সাধারণ পরিস্থিতিতে তাদের এভাবে সীমান্ত পাড়ি দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই বলে তিনি মন্তব্য করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান এই বিষয়ে জানান, সীমান্ত ওপারের এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত স্থানীয় পুলিশ প্রশাসনকে আনুষ্ঠানিক বা দাপ্তরিকভাবে কেউ কিছু জানায়নি।