সিলেটে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় আহত হয়েছেন দুই সাংবাদিক। শনিবার ভোর এবং দুপুরে নগরীর কুমারগাঁও তেমুখী ও শাহী ঈদগাহ এলাকায় এই ঘটনাগুলো ঘটে। ছিনতাইকারীদের হামলায় আহত এক সাংবাদিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার ভোর সোয়া ৫টার দিকে নগরীর তেমুখী পয়েন্টে হামলার শিকার হন দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য রায়হান উদ্দিন। তিনি জানান, ঢাকা থেকে বাসযোগে সিলেট ফিরে পাঠানটুলাস্থ বাসায় যাওয়ার জন্য তেমুখী ব্রিজের পাশে যানবাহনের অপেক্ষা করছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় (সিলেট থ-১১-৩২১৬) আসা তিন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে। ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
অন্যদিকে, প্রকাশ্য দিবালোকে বেলা আড়াইটার দিকে শাহী ঈদগাহ এলাকায় ছিনতাইয়ের শিকার হন সাংবাদিক ও বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ওহি আলম রেজা। আম্বরখানা থেকে অটোরিকশায় যাওয়ার সময় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তার ৩ বছর বয়সী শিশুপুত্রের গলায় ছুরি ধরে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা ওহি আলম রেজার পকেট থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগী জানান, অটোরিকশা চালক নির্ধারিত গন্তব্যের আগেই তাদের নামিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় তিনি এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।
একই দিনে ভোরে এবং দুপুরে খোদ নগরীর ভেতরে সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত ও দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় সচেতন মহলে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।