ঝিনাইদহের কালীগঞ্জে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে অভিযোগ জানাজানি হলে স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে শিক্ষক শাহ আলমকে মারধর করে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, অভিযুক্ত শিক্ষককে প্রথমে হেফাজতে নেওয়া হয়। পরে দুপুরে শিক্ষার্থীর মা মামলা করলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
অভিযোগ অনুযায়ী, সোমবার শাহ আলম একটি চিরকুট লিখে ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের শৌচাগারে যেতে বলেন। চিরকুট পেয়ে শিক্ষার্থী সেখানে গেলে শিক্ষক তার সঙ্গে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে কৌশলে শৌচাগার থেকে বের হয়ে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় মেয়েটি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. পিয়ার আলী বলেন, 'ওই ছাত্রী গতকালকের ঘটনা স্কুলের অন্য কোনো শিক্ষককে না জানিয়ে বাড়ি চলে যায়। আজ সকালে অভিযুক্ত শিক্ষক স্কুলে এলে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে আমাকে খবর দেয়। আমি দ্রুত স্কুলে গিয়ে ঘটনাটি উপজেলা শিক্ষা অফিসকে জানাই।'
ওসি কবির হোসেন বলেন, 'মেয়েটির মা মামলা করেছেন। গ্রেপ্তার শিক্ষককে আগামীকাল আদালতে পাঠানো হবে।'