ঈদের সরকারি ছুটিতে থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান বাসভবন থেকে দেশের জরুরি সরকারি কাজ পর্যবেক্ষণ করছেন এবং বিভিন্ন সিটি করপোরেশনের অবস্থা খোঁজখবর নিচ্ছেন।
বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য জানান। তিনি বলেন, “ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গুলশান এভিনিউ’র বাসায় আছেন এবং সেখান থেকেই সরকারি জরুরি কার্যক্রম দেখছেন। একই সঙ্গে খোঁজখবরও নিচ্ছেন কোথায় কী হচ্ছে।”
তিনি আরও জানান, “সারাদেশে খাল খনন কর্মসূচির অগ্রগতি, কাজ চলছে কিনা—এগুলো সম্পর্কে তিনি তথ্য নিচ্ছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রিদের সঙ্গে কথা বলছেন।”
আতিকুর রহমান রুমন বলেন, “প্রধানমন্ত্রী সিটি করপোরেশনগুলোর পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষা করতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের তাগাদা দিয়েছেন।”
তিনি আরও জানান, “ঈদযাত্রার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।”
গতকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেন। একইদিন ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভা ও মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেন। এবারের সরকারি ঈদ ছুটি ২৩ মার্চ পর্যন্ত চলবে।