প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়েছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে উচ্চপর্যায়ের এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের সূচনাতেই আইএলও প্রধান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের গৌরবময় নিবার্চন অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করে আন্তরিক মোবারকবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, বৈশ্বিক এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে বাংলাদেশের অংশীদারিত্ব ও পারস্পরিক কাজের পরিধি আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।
আলোচনায় দেশের সামগ্রিক শ্রম ব্যবস্থার কাঠামোগত রূপান্তর, শিশুশ্রম নিরসনের বর্তমান পরিস্থিতি, শ্রম বিধিমালার আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি প্রবাসী শ্রমিকদের আইনি অধিকার রক্ষা এবং সুশৃঙ্খল ও নিরাপদ জনশক্তি রপ্তানির বিষয়গুলো বিশেষভাবে স্থান পায়।
পররাষ্ট্র উপদেষ্টা বিশ্বজুড়ে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের কল্যাণ, সার্বিক নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় আইএলওর জোরালো ভূমিকা ও ধারাবাহিক অংশীদারিত্বের আহ্বান জানান। এর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শ্রম প্রশাসনের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, শ্রমিকদের কর্মদক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের শ্রম পরিবেশ নিশ্চিত করতে সংস্থাটির কারিগরি সহায়তা অব্যাহত রাখার ওপর জোর দেন।
বাংলাদেশের শ্রম ক্ষেত্রে সাম্প্রতিক ইতিবাচক পরিবর্তন এবং শিশুশ্রমের হার কমিয়ে আনতে সরকারের গৃহীত বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন আইএলও মহাপরিচালক। সেই সাথে তিনি আশ্বস্ত করেন যে, আগামী দিনগুলোতেও বাংলাদেশের শ্রম খাতের মানোন্নয়ন ও সার্বিক সংস্কার কার্যক্রমে আন্তর্জাতিক শ্রম সংস্থার এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।