সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

শ্যামপুরে বাস অভিযানে অস্ত্রসহ কারবারি গ্রেপ্তার

জাতীয় নির্বাচনের প্রাক্কালে রাজধানীতে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বড় ধরনের সাফল্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শ্যামপুরে বাস অভিযানে  অস্ত্রসহ কারবারি গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত

জাতীয় নির্বাচনের প্রাক্কালে রাজধানীতে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বড় ধরনের সাফল্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্যামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ২১ রাউন্ড গুলিসহ আজগর আলী ওরফে ভোলা (৫৫) নামে এক অস্ত্র কারবারিকে আটক করা হয়েছে। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লালবাগ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এসব তথ্য নিশ্চিত করেন।

ডিবির পক্ষ থেকে জানানো হয়, বেনাপোল থেকে একটি দূরপাল্লার বাসে করে অবৈধ অস্ত্রের চালান ঢাকায় আসার গোপন খবর পেয়ে ডিবির লালবাগ বিভাগের একটি দল ধোলাইপাড় এলাকায় অবস্থান নেয়। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে নির্দিষ্ট বাসটি থামিয়ে তল্লাশি শুরু করলে আজগর আলীকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে তল্লাশি করে কোমরের দুই পাশ থেকে চারটি ম্যাগাজিনসহ সিলভার ও কালো রঙের দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া তার পকেটে প্যাকেটজাত অবস্থায় ২১ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আজগর আলীর বাড়ি যশোরের বেনাপোল এলাকায়। পুলিশের রেকর্ড অনুযায়ী, সে একজন পেশাদার অপরাধী যার বিরুদ্ধে এর আগেও খিলগাঁও থানায় অস্ত্র মামলা এবং সাভার থানায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তারের রেকর্ড রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তবে এবারের এই চালানটি কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আসন্ন নির্বাচনে এই অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে ডিসি মোস্তাক সরকার জানান, সুনির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক উদ্দেশ্যের কথা এখনই বলা যাচ্ছে না। তবে নির্বাচনের এই স্পর্শকাতর সময়ে অবৈধ অস্ত্রের আনাগোনা নিশ্চিতভাবেই জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।