সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

বিশ্বের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখা শীর্ষ ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী টাইম। বুধবার প্রকাশিত ২০২৬ সালের এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রতি বছর বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম ব্যক্তিদের স্বীকৃতি হিসেবে এই তালিকা প্রকাশ করে থাকে ম্যাগাজিনটি।

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
ছবিঃ সংগৃহীত

বিশ্বের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখা শীর্ষ ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী টাইম। বুধবার প্রকাশিত ২০২৬ সালের এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রতি বছর বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম ব্যক্তিদের স্বীকৃতি হিসেবে এই তালিকা প্রকাশ করে থাকে ম্যাগাজিনটি।

টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে তারেক রহমানের জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে পরিচিতি প্রবন্ধটি লিখেছেন সিঙ্গাপুর ব্যুরোর সম্পাদক এবং ভূ-রাজনীতি বিশ্লেষক চার্লি ক্যাম্পবেল। সেখানে উল্লেখ করা হয়, কয়েক মাস আগেও লন্ডনে নির্বাসিত জীবন পার করা তারেক রহমান বর্তমানে বাংলাদেশের নেতৃত্বের শীর্ষ স্থানে রয়েছেন। ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর ৫৭ বছর বয়সী এই নেতা দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে গত ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়ী হন এবং জাতীয় নেতায় পরিণত হন।

প্রতিবেদনে বলা হয়, এই জয়ের মাধ্যমে তারেক রহমান তার মা এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার বহন করছেন। উল্লেখ্য, তারেক রহমান দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় খালেদা জিয়া পরলোকগমন করেন। মায়ের মৃত্যুতে শোকাতুর থাকার কথা টাইমের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। তবে সেই শোককে শক্তিতে রূপান্তর করে দেশের ১৭ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার এবং উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বে আক্রান্ত অর্থনীতিকে চাঙা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। বর্তমানে দক্ষিণ এশিয়ার এই দেশটির ভারতের সঙ্গে সম্পর্ক যেমন তলানিতে, তেমনি অভ্যন্তরীণ সংকটও পাহাড়সম, যা দ্রুত সমাধান করা তার জন্য বড় চ্যালেঞ্জ।

নিবন্ধে আরও বলা হয়েছে যে, নব্বই দশকের দুর্নীতির কিছু পুরনো অভিযোগ (যা পরবর্তীতে আদালত নাকচ করে দিয়েছে) তার বর্তমান সাফল্যকে বিতর্কিত করার চেষ্টা করতে পারে। তবে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে ফেরা তারেক রহমান সময় অপচয় করতে রাজি নন। জনগণের রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারে তিনি ঐক্যের ওপর জোর দিয়েছেন। টাইমের এবারের প্রভাবশালী তালিকায় তারেক রহমান ছাড়াও রয়েছেন গুগল প্রধান সুন্দর পিচাই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া ভারতের অভিনেতা রণবীর কাপুর এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ব্যক্তিরা এই তালিকায় জায়গা পেয়েছেন।