এশিয়ার ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায়। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সভায় এসিসির সভাপতির দায়িত্ব বণ্টনের তালিকায় আফগানিস্তানকে যুক্ত করার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালকে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, এতদিন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পালাক্রমে এসিসির সভাপতির দায়িত্ব বণ্টন করা হলেও এখন থেকে এই তালিকায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডও থাকবে। ফলে নির্ধারিত নিয়ম অনুযায়ী ভবিষ্যতে আফগানিস্তানের কোনো প্রতিনিধিও এসিসির সভাপতির দায়িত্ব পালনের সুযোগ পাবেন।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনিকে সর্বসম্মতিক্রমে এসিসির নতুন সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।
২০২৬ থেকে ২০২৮ মেয়াদের জন্য এসিসির নির্বাহী বোর্ডে কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকেও নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
এবারই প্রথম এসিসির সভায় অংশ নেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সভায় তাকে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
এশিয়ার ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়া এবং সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য জোরদারের ওপর গুরুত্ব দিয়ে এসিসি সভাপতি সৈয়দ মহসিন রাজা নকভি বলেন, ‘এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে এক সুতোয় বাঁধার একটি মাধ্যম। আমাদের আজকের এসব সিদ্ধান্ত এশিয়ার ক্রিকেটকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে।’