শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

তারেক রহমানের চীন সফরের অর্জন শূন্য: নাহিদ ইসলাম

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দেশবাসীর জন্য কোনো সুফল বয়ে আনেনি এবং এর প্রাপ্তি একেবারেই শূন্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

তারেক রহমানের চীন সফরের অর্জন শূন্য: নাহিদ ইসলাম
ছবি : সংগৃহীত

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দেশবাসীর জন্য কোনো সুফল বয়ে আনেনি এবং এর প্রাপ্তি একেবারেই শূন্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফরের পর বিরোধীদলীয় নেতা সংসদে ধন্যবাদ জ্ঞাপন করলেও দেশের স্বার্থে কিছু অপ্রিয় সত্য কথা বলা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। চীন সফর থেকে আসলে কী অর্জন হলো, সেই প্রশ্ন তোলেন তিনি। এই সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কিংবা রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে বেইজিংয়ের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করা সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন।

শনিবার রংপুর জিলা স্কুল প্রাঙ্গণে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশের অভ্যন্তরে যদি জাতীয় সংহতি ও ঐক্য গড়ে না ওঠে, তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো রাষ্ট্র থেকেই সহযোগিতা পাবেন না। গণঅভ্যুত্থানের চেতনা এবং রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হলে বিদেশি তহবিল আসা বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সরকারকে নতুন কোনো ঋণ না দেওয়ার বিষয়ে সতর্ক করেছে উল্লেখ করে তিনি বলেন, চলমান পরিস্থিতি বজায় থাকলে বিশ্বের কোনো দেশই বর্তমান সরকারকে আর অর্থ বা অন্য কোনোভাবে সহায়তা করবে না।