কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকা থমথমে হয়ে গেছে এবং স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয়রা জানান, ঘটনায় ব্যবহার হওয়া গোলাগুলির আওয়াজ দীর্ঘদিন ধরেই এই পাহাড়ি এলাকায় নিয়মিত শোনা যায়। জুম্মাপাড়া এলাকায় সক্রিয় অপহরণকারী ও মানবপাচার চক্রের দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘাত চলে আসছে। বুধবার রাতেও একই এলাকায় প্রায় ২০–৩০ রাউন্ড গুলির শব্দ শোনা গিয়েছিল।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইলিয়াস বলেন, “আজ সন্ধ্যায় জুম্মাপাড়া এলাকার পূর্ব পাহাড়ে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময় ঘটেছে। এর আগের দিনও একই এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এলাকার মানুষ বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।”
বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন, পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের এই তৎপরতা অব্যাহত থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বড় ধরনের সহিংসতা এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।