গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে ছিনতাইয়ের সরঞ্জাম, সিএনজিচালিত অটোরিকশা এবং মাদকসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া সংবাদমাধ্যমকে জানান, টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে চিহ্নিত ছিনতাইকারী, মাদক কারবারি এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়ে। গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে একটি সুইচ গিয়ার, একটি চাকু, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি এবং ৩০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নির্মূলে এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়েরের পর আজই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।