ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান ১৭ দিন পেরিয়ে এখন অন্য দিকে মোড় নিয়েছে। তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা আর নয়, বরং বিশ্ব জ্বালানি করিডোর হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করাই প্রধান লক্ষ্য এখন ওয়াশিংটন ও তেল আবিবের। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পৃথিবীর মোট জ্বালানির এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়, কিন্তু আগ্রাসনের জবাবে ইরান সমুদ্রপথটি কার্যত বন্ধ করে দিয়েছে।
মিত্র দেশগুলোর কাছে সহায়তার আবেদন করেও কাঙ্ক্ষিত সাড়া পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তা চাওয়ার পরও হতাশ হন তিনি। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ কৌশল নিয়ে তিক্ত রঙে উপহাস করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খাজা আসিফ বলেন, “যুদ্ধের লক্ষ্য এখন হরমুজ প্রণালি উন্মুক্ত করার দিকে সরে গেছে বলে মনে হচ্ছে, যা যুদ্ধের আগে থেকেই উন্মুক্ত ছিল।” তিনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মূল উদ্দেশ্য হিসেবে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বিঘ্নিতকরণকে প্রশ্নবিদ্ধ করেছেন।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। স্বাভাবিক সময়ে এই জলপথ দিয়ে মোট অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে এই করিডোর কার্যত অচল হয়ে পড়েছে।
সূত্র: এনডিটিভি