সকালের ব্যস্ততা শুরুর আগেই রাজধানীর উত্তরায় এক আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের প্রাণহানি হয়েছে। আগুনে আরও অন্তত ১৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৬ জানুয়ারি) উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে সকাল ৭টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। চার মিনিট পর সকাল ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন নারী এবং একজন পুরুষ। পাশাপাশি আগুন থেকে উদ্ধার করা ১৩ জনকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।