উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে দুর্দান্ত এক পারফরম্যান্স দেখাল রিয়াল মাদ্রিদ। উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দের হ্যাটট্রিকে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি। ফলে শেষ ষোলোর প্রথম লেগে বড় জয় তুলে নিয়ে দ্বিতীয় লেগের আগে কঠিন চাপে পড়ে গেছে পেপ গার্দিওলার দল।
বুধবার (১১ মার্চ) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুটা ছিল ম্যানচেস্টার সিটির দখলে। তবে দ্রুতগতির পাল্টা আক্রমণে বারবার বিপাকে পড়ে ইংলিশ চ্যাম্পিয়নরা।
ম্যাচের ২০ মিনিটে গোলের সূচনা করে রিয়াল মাদ্রিদ। গোলরক্ষক থিবো কুর্তোয়ার গোলকিক থেকে দ্রুত আক্রমণ গড়ে ওঠে। বল পেয়ে ডান দিক দিয়ে এগিয়ে যান ভালভের্দে এবং গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মাকে কাটিয়ে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।
এই ম্যাচে চোটের কারণে রিয়ালের দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও রদ্রিগো। তাদের অনুপস্থিতিতে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ভালভের্দে।
২৭ মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বাম প্রান্ত দিয়ে দারুণ দৌড়ে উঠে ভিনিসিয়ুস জুনিয়র বল বাড়িয়ে দিলে অফসাইড ফাঁদ এড়িয়ে শক্ত শটে গোল করেন ভালভের্দে।
প্রথমার্ধের শেষ দিকে আবারও আঘাত হানে রিয়াল। ৪২ মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাকে ভিনিসিয়ুস বল দেন ব্রাহিম দিয়াজকে। তিনি চিপ করে বল বাড়ান ভালভের্দের দিকে। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল পেয়ে চমৎকার ভলিতে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন উরুগুইয়ান এই মিডফিল্ডার।
বিরতির পর ম্যানচেস্টার সিটি আক্রমণের গতি বাড়ালেও বড় সুযোগ তৈরি করে রিয়াল মাদ্রিদই। তবে পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভিনিসিয়ুস; তার শট ঠেকিয়ে দেন ডোনারুম্মা।
এই জয়ের ফলে দ্বিতীয় লেগের আগে বেশ স্বস্তিতেই রয়েছে রিয়াল মাদ্রিদ, আর ঘুরে দাঁড়াতে হলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ম্যানচেস্টার সিটিকে।