রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

ভারত যাওয়ার পথে দুই রোহিঙ্গা আটক

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে আটক হওয়া এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী কন্যাসন্তানকে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর পুনরায় কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হয়েছে।

ভারত যাওয়ার পথে দুই রোহিঙ্গা আটক
ছবি : সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে আটক হওয়া এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী কন্যাসন্তানকে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর পুনরায় কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হয়েছে।

গত সোমবার সন্ধ্যা ছয়টার দিকে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক ফিরোজ আহমেদের নেতৃত্বে এবং নারী পুলিশ সদস্যদের বিশেষ পাহারায় তাদের কক্সবাজারের উদ্দ্যেশ্যে পাঠিয়ে দেওয়া হয়।

এর আগে ওই দিন ভোরের দিকে উপজেলার বিজয়পুর বিওপির আওতাধীন সীমান্ত লাগোয়া ভাংতি বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয় বাসিন্দারা মাজিদা নামের ওই নারী ও তার শিশুকন্যা আয়েশাকে আটকে রাখেন। খবর পেয়ে বিজয়পুর বিজিবি ক্যাম্পের জোয়ানরা দ্রুত সেখানে গিয়ে মা-মেয়েকে নিজেদের হেফাজতে নেন। পরবর্তীতে দুপুরের দিকে তাদের দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সোমবার ভোর সাড়ে তিনটার দিকে সীমান্ত পিলার ১১৫১/৩-এস থেকে দেশের প্রায় আড়াই কিলোমিটার ভেতরে ভাংতি বাজারে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাজিদা স্বীকার করেছেন যে, তারা অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং তার প্রয়াত স্বামীর নাম বেলাল।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ গণমাধ্যমকে জানান, আটককৃত নারী ও শিশুর পরিচয় শতভাগ নিশ্চিত হওয়ার পর আইনি আনুষ্ঠানিকতা শেষে নিরাপদ হেফাজতে তাদের পূর্বের শরণার্থী শিবিরে পাঠিয়ে দেওয়া হয়েছে।