নিরাপত্তা বিবেচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলার বিষয়ে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলংকায় খেলার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা করলেও আইসিসি শেষ পর্যন্ত জানিয়েছে, বিশ্বকাপ খেলার একমাত্র ভেন্যু হলো ভারত।
গতকাল (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যায় আইসিসি ভার্চুয়াল সভা করেছে। সভায় পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি এবং আইসিসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিটিং শেষে বাংলাদেশ দলকে একদিনের সময় দেওয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য।
সেই অনুযায়ী আজ সন্ধ্যার আগেই দলকে জানাতে হতো তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি কিনা। যদি বাংলাদেশ তা অস্বীকার করে, তবে আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলানোর সুযোগ দেবে।
এই অবস্থায় বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকের পর জানা গেছে, বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড়। তারা বিশ্বাস করছে আইসিসি তাদের শ্রীলংকায় খেলার সুযোগ দেবে।