বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

ভারতীয় ভিসা প্রক্রিয়া নিয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার ধারাবাহিকভাবে নানা উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজ হবে এবং বর্তমানে যে স্থবিরতা রয়েছে, তা শিগগিরই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

ভারতীয় ভিসা প্রক্রিয়া নিয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফাইল ছবি

প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার ধারাবাহিকভাবে নানা উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজ হবে এবং বর্তমানে যে স্থবিরতা রয়েছে, তা শিগগিরই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বিকেল ৩টায় অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। ওইদিন বিভিন্ন প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকারের বহুমুখী কূটনৈতিক কার্যক্রম চলমান রয়েছে। তার ভাষায়, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও পারস্পরিক সংহতির ভিত্তিতে গড়ে উঠেছে, যার মূল ভিত্তি অভিন্ন মূল্যবোধ।

ড. খলিলুর রহমান আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সার্বভৌম সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মান বজায় রেখে জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিচ্ছে।

ভিসা জটিলতা প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি সহজ করতে ইতোমধ্যে সরকার প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি ভারত সফরের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেখানে বাংলাদেশিদের ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করার বিষয়ে জোরালোভাবে অনুরোধ জানানো হয়।

তিনি আশা প্রকাশ করেন, এসব আলোচনার ধারাবাহিকতায় খুব শিগগিরই ভিসা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।