আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি২০ বিশ্বকাপ। তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতের ভেন্যুতে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই অবস্থানের পরপরই বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
জিও নিউজকে পিসিবির একটি সূত্র জানিয়েছে, শ্রীলংকায় ভেন্যু সংকট দেখা দিলে বিকল্প হিসেবে পাকিস্তানের সম্পূর্ণ প্রস্তুত ও আধুনিক স্টেডিয়ামগুলোর প্রস্তাব দেওয়া হতে পারে।
ওই সূত্র আরও জানায়, সাম্প্রতিক সময়ে পাকিস্তান সফলভাবে বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে। এর মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইসিসি উইমেন্স কোয়ালিফায়ার্স উল্লেখযোগ্য, যা দেশটির আয়োজন সক্ষমতার প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটেই পিসিবির এই আগ্রহ সামনে এসেছে। বিশেষ করে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
পিসিবি সূত্রের দাবি, প্রয়োজনে খুব অল্প সময়ের মধ্যেই পাকিস্তান বাংলাদেশের টি২০ বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করতে সক্ষম। দেশটির নির্ধারিত সব ভেন্যু আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।
বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতায়, আর শেষ গ্রুপ ম্যাচটি নির্ধারিত ছিল মুম্বাইয়ে।