শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর এবার দেশটির বিশাল তেল সম্পদ অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র
ছবিঃ সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর এবার দেশটির বিশাল তেল সম্পদ অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (৮জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্পষ্ট করেছে যে, তারা ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন নেতাদের যাবতীয় সিদ্ধান্ত ও নীতিমালার দিকনির্দেশনা দেবে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র কার্যত এখন থেকে ভেনেজুয়েলা পরিচালনা করবে এবং বছরের পর বছর দেশটির খনিজ সম্পদ ব্যবহার করবে। ট্রাম্পের এই আধিপত্য বিস্তারের ঘোষণাকে তার ঘোষিত ‘ডনরো ডকট্রিন’-এর অংশ হিসেবে দেখা হচ্ছে, যা মূলত নিজ অঞ্চলে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠার প্রতীক।

তবে যুক্তরাষ্ট্রের এই সরাসরি হস্তক্ষেপের বিষয়ে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন নেতা ডেলসি রদ্রিগেজ ভিন্ন সুর দিয়েছেন। তিনি বলেন, কারাকাসে কোনো বিদেশি শক্তি শাসন করছে না। সাবেক প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে মার্কিন হামলার নিন্দা জানিয়ে রদ্রিগেজ বলেন, "আমাদের সম্পর্কের ওপর এমন একটি কলঙ্ক পড়েছে যা আমাদের ইতিহাসে আগে কখনো ঘটেনি।"

উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর এক ঝটিকা অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হন। বর্তমানে তাদের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে বিচার কাজ চলছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক ব্রিফিংয়ে জানান, "মাদুরোকে আটক করার পর আমরা স্পষ্টতই ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষের ওপর সর্বোচ্চ প্রভাব বিস্তার করছি। আমরা অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখছি এবং তাদের সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্র দ্বারা নির্দেশিত হতে থাকবে।"

যুক্তরাষ্ট্রের এই নিয়ন্ত্রণ কতদিন স্থায়ী হবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি তিন মাস বা এক বছর নয়, বরং আরও দীর্ঘ সময় ধরে চলবে। বিশ্বের বৃহত্তম তেল ভাণ্ডারের অধিকারী এই দেশটিকে যুক্তরাষ্ট্রই পরিচালনা করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে, কারাকাস প্রশাসন জানিয়েছে যে মার্কিন হামলায় অন্তত ১০০ জন নিহত এবং সমসংখ্যক মানুষ আহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোর দাবি অনুযায়ী, আহতদের মধ্যে মাদুরো দম্পতিও রয়েছেন, যদিও চলতি সপ্তাহে তাদের নিউইয়র্ক আদালতে সুস্থ অবস্থায় দেখা গেছে। হাভানার দেওয়া তথ্যমতে, নিহতের তালিকায় কিউবার সেনাবাহিনীর ৩২ জন সদস্যও রয়েছেন, যারা মাদুরোর ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন।