নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, “আগামী মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাবে।”
নির্বাচন বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একযোগে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর মৃত্যুর কারণে ভোট বাতিল হওয়ায় মোট আসন সংখ্যা ২৯৯।
ইসির তথ্য অনুযায়ী, দেশের ৪৯ জেলায় ইতোমধ্যেই ব্যালট পেপার রিটার্নিং অফিসারদের কাছে পৌঁছে গেছে। বাকি জেলায় আজ রোববারের মধ্যে তা পৌঁছাবে।
মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন। সর্বনিম্ন ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন ঝালকাঠি-১ আসনে, আর সর্বোচ্চ ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন গাজীপুর-২ আসনে।
এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে, মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩৪। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছেন বিএনপি।
সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। ঢাকা-১২ আসনে সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর পিরোজপুর-১ আসনে মাত্র ২ জন প্রার্থী।
নির্বাচনের নিরাপত্তা ও দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা এবং ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৭ হাজার ৯৯৭ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং ৪৭ হাজার ৪৫৭ জন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। পাশাপাশি, প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষকও নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।