রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন শৃঙ্খলা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন শৃঙ্খলা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সই করা এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনার কথা জানানো হয়। চিঠিটি ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সব জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্ধারিত কিছু ব্যক্তি ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না—এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

নিষেধাজ্ঞার বাইরে থাকবেন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সংশ্লিষ্ট পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার বা ভিডিপির দুইজন সদস্য। তাদের মোবাইল ফোন সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ভোটগ্রহণ কার্যক্রম চলবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী, সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। ফলে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। তবে একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় গোপন বুথের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে কমিশন।