যশোর সদর উপজেলার ভাটপাড়া এলাকায় এক রিকশাচালককে নৃশংসভাবে হত্যা করে তার রিকশাটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাত ৮টার দিকে ভাটপাড়া প্রাইম ইটভাটা সংলগ্ন নির্জন সড়কে এই ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আলমগীর (৫৫)। তিনি সদর উপজেলার চাচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলী দরবেশের ছেলে এবং বর্তমানে ঝুমঝুমপুর শ্মশান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, সন্ধ্যায় যাত্রী সেজে কয়েকজন দুষ্কৃতকারী আলমগীরের রিকশাটি ভাড়া নেয়। তারা তাকে ভাটপাড়া এলাকার একটি নিরিবিলি রাস্তায় নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর কোনো ভারী বস্তু দিয়ে তার মাথায় উপুর্যপুরি আঘাত করা হয়। আলমগীর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা রিকশাটি নিয়ে দ্রুত চম্পট দেয়। পরে গোলাম রাব্বি নামের এক পথচারী তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আলমগীরের মৃত্যু হয়েছিল। তার মাথায় গভীর ক্ষত ও গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, রিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।