ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাফাত রহমান, স্নাতক-স্নাতকোত্তর সম্পন্ন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে। তাঁর জন্ম বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তবর্তী জেলা কক্সবাজারে। দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন একাধিক গণমাধ্যমে। বর্তমানে তিনি ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট হিসেবে কর্মরত। ধারাবাহিকভাবে লেখালেখি না করলেও শাফাত রহমানের ভিতরে রয়েছে গভীর এক কবিত্ববোধ, তাঁর দুর্লভ লেখাগুলো এ বোধেরই বহিঃপ্রকাশ। দ্য ভয়েস২৪- এর পাঠকদের জন্য শাফাত রহমানের একটি কবিতা প্রকাশ করা হল।
দূরত্ব
সমুদ্রের জলরাশির পাড়ে আমার বেড়ে ওঠা
যেন নীল সাগরই আমার ঘর,
সে সাগরের গর্জন শুনেছি বছরের পর বছর
তার সঙ্গেও সখ্যতা নেই বলার মতো।
আমি শুধু দেখেছি তোমাকে
বলেছি, শুনেছি, বুঝিনি তবে
অপলক কেটে গেছে দিনের পর দিন
মিনিটের পর মিনিট।
নদী, পাহাড়, সমুদ্র
সবই তাদের জায়গায় আছে
নেই শুধু তুমি।
তুমি নেই বলে নদী আজও কেবল জল
কথা শেখেনি,
তুমি নেই বলে পাহাড় আজও শুধু উচ্চতা
আশ্রয় নয়,
তুমি নেই বলে সমুদ্রও নিছক নীল
ঠিকানা নয়।
আমি ছুটে গেছি দেশের সব প্রান্তে
পৌঁছে গেছি প্রতিবার রাত পেরোতেই,
পৌঁছাইনি শুধু তোমার কাছে
পৌঁছানো মানে তো-
কারও অপেক্ষায় থাকা না,
এইসব দৃশ্যপট নিখুঁত
শুধু অসম্পূর্ণ।
নদী বয়ে চলে
পাহাড় দাঁড়িয়ে থাকে
সমুদ্র ঢেউ তোলে
আর আমি সয়ে যাই
কীভাবে সবকিছু থাকার পরও
একজন মানুষ না থাকলে,
পুরো পৃথিবী ফাঁকা হয়ে যায় !







