সাধারণ মানুষের ঘরের কাছেই সহজে চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যখাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করার ওপরও জোর দিচ্ছে সরকার।
শনিবার (১৪ মার্চ) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শন শেষে সিংগাইর পৌরসভার উদ্যোগে মশকনিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের স্বাস্থ্যখাতের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, “হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বাড়ানো এবং সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।”
তিনি আরও বলেন, “জনগণের অনুপাতে হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় সেবা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই স্বাস্থ্যখাতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।”
স্বাস্থ্যখাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য হয়ে উঠবে।
মন্ত্রী বলেন, “দেশের যেসব হাসপাতাল দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ বাড়ানো হবে, যাতে স্থানীয় পর্যায়েই মানুষ অধিকাংশ চিকিৎসাসেবা পেতে পারে।”
তিনি আরও জানান, স্বাস্থ্যখাতে নতুন করে প্রায় এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। নিয়োগের পর তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে, যাতে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমানো সম্ভব হয়।
এ ছাড়া নার্সদের দক্ষতা বাড়াতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।







