নরসিংদীর মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে বিএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নাগরিয়াকান্দি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার দীর্ঘ চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর তলদেশ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।
নিহত মাহির শাহরিয়ার রাজধানীর বিএফ শাহীন কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি ঢাকার মিরপুর-১ এলাকার জহিরুল ইসলামের ছেলে।
নিহতের সহপাঠীদের সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকা থেকে বিএফ শাহীন কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী মিলে ট্রেনে করে নরসিংদীতে ভ্রমণে যান। নাগরিয়াকান্দি এলাকায় বিভিন্ন স্থান ঘুরে দেখার একপর্যায়ে তারা মেঘনা নদীতে গোসলে নামেন। এ সময় নদীর প্রবল স্রোতে মাহিরসহ তিনজন ভেসে যেতে থাকেন। উপস্থিত অন্যরা দুজনকে দ্রুত উদ্ধার করতে পারলেও সাঁতার না জানায় মাহির পানিতে তলিয়ে যান।
সহপাঠীরা দীর্ঘ সময় চেষ্টা করেও তার সন্ধান না পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার তল্লাশির পর নদীর তলদেশ থেকে মাহিরের নিথর দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় এবং শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। পর্যটকদের সতর্ক করা হলেও অনেকেই নদীতে নামার ঝুঁকি নেন, যার ফলে আজকের মতো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সইতে হয়।
ফায়ার সার্ভিস ডুবুরি দলের বিভাগীয় লিডার মোতালিব হোসেন জানান, দুপুর সোয়া ১টার দিকে সংবাদ পাওয়ার পরপরই তারা ঢাকা থেকে রওনা হন। বিকেল ৩টার দিকে উদ্ধার কাজ শুরু করে নিখোঁজ হওয়ার স্থান থেকে কিছুটা দূরে মাহিরের মরদেহ খুঁজে পাওয়া যায়। সব প্রক্রিয়া শেষে মরদেহটি উদ্ধার করে তীরের নিয়ে আসা হয়।







