আর্কাইভ
ads
logo

ইউরোপের মাটিতে নতুন অভিজ্ঞতার অপেক্ষায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৫ জুন ২০২৬, ০৩:১৪ পি.এম
ইউরোপের মাটিতে নতুন অভিজ্ঞতার অপেক্ষায় বাংলাদেশ

আজ সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ads

ইউরোপের মাটিতে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে প্রথমবারের মতো ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। নতুন কোচ থমাস ডুলির অধীনে নতুন অধ্যায়ের সূচনায় আজ সান মারিনোর মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ রাত ১১টায় ইতালির ভেতরে অবস্থিত ক্ষুদ্র রাষ্ট্র সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে। তিন দিন আগেই বাংলাদেশ দল সান মারিনোতে পৌঁছে প্রস্তুতি সম্পন্ন করেছে।

১৯৮৮ সালে ফিফার সদস্যপদ পাওয়া সান মারিনোর জনসংখ্যা প্রায় ৩৪ হাজার। ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১ হলেও সান মারিনো রয়েছে ২১১ দেশের মধ্যে সর্বশেষ, অর্থাৎ ২১১তম স্থানে।

ফুটবল কাঠামোর দিক থেকেও সান মারিনো বাংলাদেশের তুলনায় অনেক পিছিয়ে। দেশটিতে ১৬ দলের একটি সেমি-পেশাদার লিগ অনুষ্ঠিত হয়, যেখানে খেলোয়াড়রা মূলত বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। কেউ ব্যাংকার, কেউ কাঠমিস্ত্রি, আবার কেউ মাছ ধরার কাজ করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তারা ফুটবল খেলেন। তাদের অনেকের মাসিক আয় ২০০ ডলারেরও কম।

সান মারিনোর লিগে অবনমন বা রেলিগেশন ব্যবস্থা নেই। ফলে বিভিন্ন মৌসুমে ভিন্ন ভিন্ন দল শিরোপা জয়ের সুযোগ পায়। দেশটিতে নিবন্ধিত ফুটবলারের সংখ্যাও দুই হাজারের কম।

তবে আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞতার ঘাটতি নেই সান মারিনোর। তারা ২০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। যদিও জয় পেয়েছে মাত্র তিনটিতে। যেসব দলের বিপক্ষে তারা জয় পেয়েছে, তাদের র‍্যাংকিংও ছিল ২০৬-এর আশপাশে। অন্যদিকে ১৯০টি ম্যাচে হার এবং ১০টি ম্যাচে ড্র করেছে দলটি।

পরিসংখ্যান দেখে ম্যাচটিকে সহজ মনে হলেও বাস্তবতা ভিন্ন। কারণ সান মারিনো নিয়মিত ফুটবল বিশ্বের শক্তিশালী দেশগুলোর বিপক্ষে খেলেছে। ফলে আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতায় তারা মোটেও পিছিয়ে নয়।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে এশিয়ার একটি দল লেবাননের সঙ্গে খেলেছিল সান মারিনো। তবে সেই ম্যাচ ফিফার স্বীকৃত ছিল না। ফলে বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচটিই হবে কোনো এশীয় দলের বিপক্ষে তাদের প্রথম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ।

জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে ইতিবাচক ফল শুধু দলের আত্মবিশ্বাসই বাড়াবে না, নতুন কোচ থমাস ডুলির পরিকল্পনাকেও শক্ত ভিত দিতে পারে। একই সঙ্গে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা বর্তমান বাংলাদেশের ফুটবলারদের জন্য নতুন এক অধ্যায় হয়ে থাকবে।

র‍্যাংকিংয়ের হিসাবে বাংলাদেশের জয়ে পয়েন্ট অর্জনের সুবিধা তুলনামূলক কম হলেও সান মারিনোর জন্য এই ম্যাচে জয় অনেক বেশি লাভজনক হতে পারে। তবু কাগজে-কলমে এগিয়ে থাকা বাংলাদেশ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে আত্মবিশ্বাসী।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ