আর্কাইভ
ads
logo

জামালপুরে বিএনপি নেতাকে চিঠি দিয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২২ জুন ২০২৬, ০৮:১১ পি.এম
জামালপুরে বিএনপি নেতাকে চিঠি দিয়ে হত্যার হুমকি

ছবি : সংগৃহীত

ads

জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষের লোগো ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি খামে ডাকযোগে পাঠানো চিঠিতে স্থানীয় এক বিএনপি নেতাকে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার চিনাডুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ ওই চিঠিটি পান। তিনি ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। হুমকির চিঠি পাওয়ার পর থেকেই বিএনপি নেতা সবুজ ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষের লোগো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত খামের ওপর প্রাপকের ঠিকানায় মোহাম্মদ সবুজ ও তার পিতা জাহাঙ্গীর আলমের নাম লেখা রয়েছে। খামের ভিতরে থাকা হলুদ রঙের একটি কাগজে অশালীন ভাষায় হাতে লেখা বার্তায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

চিঠিতে দাবি করা হয়েছে, তাকে প্রকাশ্যে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যা করা হবে। তবে চিঠিতে প্রেরকের কোনো নাম-পরিচয় উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে মোহাম্মদ সবুজ বলেন- আমি তখন বাড়িতে ছিলাম না। পরে জানতে পারি, আবু তালেব নামে একজন ব্যক্তি আমাদের বাড়ির সামনে এসে চিঠিটি রেখে যান। বিষয়টি জানতে পেরে ডাকঘরে খোঁজ নিয়েছি। সেখান থেকে বলা হয়েছে, চিঠিটি ইসলামপুর ডাকঘর হয়ে এসেছে। আমার ব্যক্তিগত বা রাজনৈতিকভাবে কারও সঙ্গে এমন কোনো বিরোধ নেই, যার কারণে এ ধরনের হুমকি আসতে পারে। কে বা কারা এর পেছনে রয়েছে, তা বুঝতে পারছি না।

তিনি আরও বলেন, চিঠিটি পাওয়ার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এখনো থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছি।ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ