কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচটি অনুষদে নতুন ডিন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরীর স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, সিন্ডিকেটের ১০৯তম ও ১১০তম সভার সিদ্ধান্ত, ডিন নিয়োগ–সংক্রান্ত কমিটির প্রতিবেদন এবং আইন উপদেষ্টার পরামর্শের ভিত্তিতে উপাচার্য পাঁচজন শিক্ষককে নিজ নিজ অনুষদের ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন—
বিজ্ঞান অনুষদ: পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার
কলা ও মানবিক অনুষদ: বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী
সামাজিক বিজ্ঞান অনুষদ: লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম
প্রকৌশল অনুষদ: সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান
ব্যবসায় শিক্ষা অনুষদ: ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, "আজকে ভিসি স্যারের নির্দেশে পাঁচটি ফ্যাকাল্টিতে ডিন নিয়োগ দেওয়া হয়েছে। ডিন নিয়োগে বিভাগ রোটেশনকে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে পূর্বে সায়েন্স এবং সোশ্যাল সাইন্স ফ্যাকাল্টিতে ডিন নিয়োগে যে ব্যত্যয় ঘটেছে, সেটা কাটিয়ে উঠার জন্য সেই বিভাগগুলো থেকে ডিন দেওয়া হয়েছে। বিভাগ রোটেশনকে প্রাধান্য দিয়েই সামনেও ডিন নিয়োগ দেওয়া হবে।"
অফিস আদেশ অনুযায়ী, ৬ জুলাই ২০২৬ থেকে আগামী দুই বছরের জন্য তারা নিজ নিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।







