রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় একটি রিকশাভ্যানের চাকায় পিষ্ট হয়ে জোনোয়েদ নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে কাজলারপাড় নতুন রাস্তা এলাকার নিজ বাসার সামনে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত জোনায়েদ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন পাটওয়ারীর হাট গ্রামের জামির হোসেনের ছেলে। পরিবারসহ সে কাজলারপাড় নতুন রাস্তা সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত।
আজিম উদ্দিন নামে এক স্থানীয় বাসিন্দা জানান, বাসার সামনে খেলাধুলার একপর্যায়ে শিশুটি হঠাৎই পাশের সড়কে চলে যায়। ওই সময় দ্রুতগতিতে আসা একটি মালামালবাহী রিকশাভ্যানের চাকা শিশুটির গায়ের ওপর উঠে যায়। এতে সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহত শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই বিষয়টি সংশ্লিষ্ট যাত্রাবাড়ী থানাকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।







