বুধবার, 11 নভেম্বর 2026
সকল বিভাগ

চাপের মধ্যেও অর্থনীতি সঠিক পথে এগোচ্ছে: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতি নানা চাপের মধ্যে থাকলেও সঠিক পথেই রয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে ইতিবাচক দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চাপের মধ্যেও অর্থনীতি সঠিক পথে এগোচ্ছে: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতি নানা চাপের মধ্যে থাকলেও সঠিক পথেই রয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে ইতিবাচক দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বিগত সরকারগুলোর কাছ থেকে নানা জটিলতা উত্তরাধিকারসূত্রে পেয়েছে বর্তমান সরকার। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধও দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে। সব মিলিয়ে অর্থনীতি চাপের মধ্যে থাকলেও পরিস্থিতি ধীরে ধীরে ভালো হচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে ইউনেস্কো ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে আমীর খসরু বলেন, সরকারের ওয়ার্কিং গ্রুপ আইএমএফের সঙ্গে কাজ করছে। আগামী জানুয়ারির মধ্যেই আলোচনা ও কর্মসূচি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

দেশের রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী জানান, বর্তমানে আয়কর ও কাস্টমস—উভয় খাতেই প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় কিছুটা পিছিয়ে রয়েছে। এক মাসের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য হাতে এলে ভ্যাট আদায়েও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাবে বলে আশা করছেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, প্রথম প্রান্তিকের পর পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রাজস্ব পরিস্থিতির উন্নতি হবে। এর মাধ্যমে সরকারের নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

রাজস্ব আয় প্রত্যাশার তুলনায় কম হওয়ার পাশাপাশি নতুন পে-স্কেলের কারণে সরকারি ব্যয় বেড়ে যাওয়ায় সরকার কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, প্রথম প্রান্তিকে হিসাব কিছুটা পিছিয়ে থাকা স্বাভাবিক। সবকিছু বিস্তারিত হিসাব-নিকাশের ভিত্তিতেই পরিচালনা করা হচ্ছে। জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার সচেষ্ট। সরকারি ব্যয়ের ক্ষেত্রে বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো বিবেচনায় রাখা হচ্ছে।

আইএমএফের ঋণ ও কর্মসূচি চূড়ান্ত করার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ঋণ পাওয়াই মূল বিষয় নয়; এটি একটি পূর্ণাঙ্গ প্যাকেজ কর্মসূচি। এর আওতায় আইএমএফ, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক সংস্থার পাশাপাশি বন্ড ইস্যুর মাধ্যমেও অর্থায়নের কার্যক্রম পরিচালিত হয়।